ভেনেজুয়েলায় মার্কিন হামলার পর ক্ষেপণাস্ত্র ছুড়লো উত্তর কোরিয়া


আন্তর্জাতিক ডেস্ক প্রকাশের সময় : জানুয়ারী ৪, ২০২৬, ৬:৪৬ অপরাহ্ন

ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের পর আন্তর্জাতিক উত্তেজনার মধ্যে রোববার (৪ জানুয়ারি) ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া। একই দিনে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট চীনে রাষ্ট্রীয় সফর শুরু করায় পরিস্থিতি আরও সংবেদনশীল হয়ে উঠেছে।

দুই মাসের মধ্যে প্রথমবারের মতো উত্তর কোরিয়া অন্তত দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, যা কোরীয় উপদ্বীপ ও জাপানের মধ্যবর্তী সাগরে পতিত হয়। পিয়ংইয়ং এই উৎক্ষেপণের মাধ্যমে ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের অভিযানের তীব্র নিন্দা জানিয়ে বলেছে, ওয়াশিংটন দেশটির সার্বভৌমত্ব ভয়াবহভাবে লঙ্ঘন করেছে।

বিশ্লেষকদের মতে, এই উৎক্ষেপণ একদিকে চীনের প্রতি বার্তা, অন্যদিকে নিজেদের সামরিক সক্ষমতার প্রদর্শন। সিউলের বিশেষজ্ঞরা বলছেন, উত্তর কোরিয়া বোঝাতে চেয়েছে—তারা ভেনেজুয়েলার মতো নয়; বরং একটি পারমাণবিক শক্তিধর রাষ্ট্র।

ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ঘটনায় দক্ষিণ কোরিয়া ও জাপান তীব্র প্রতিবাদ জানিয়েছে। সিউল জরুরি নিরাপত্তা বৈঠক ডেকে এ ঘটনাকে জাতিসংঘ প্রস্তাব লঙ্ঘনকারী উসকানি বলে উল্লেখ করেছে। জাপানের প্রতিরক্ষামন্ত্রীও একে আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি বলে অভিহিত করেন।

এদিকে যুক্তরাষ্ট্রের ইন্দো-প্যাসিফিক কমান্ড জানিয়েছে, এ ঘটনায় যুক্তরাষ্ট্র বা তার মিত্রদের জন্য তাৎক্ষণিক কোনো হুমকি তৈরি হয়নি। তবে মিত্র দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠ পরামর্শ অব্যাহত রয়েছে।