ভেনেজুয়েলার তেলে কেন এত আগ্রহ যুক্তরাষ্ট্রের?


আন্তর্জাতিক ডেস্ক প্রকাশের সময় : জানুয়ারী ৪, ২০২৬, ৭:৩৭ অপরাহ্ন

সফল সামরিক অভিযানের মাধ্যমে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করার পর দেশটির রাষ্ট্রক্ষমতা ও জ্বালানি খাতের ওপর পূর্ণ নিয়ন্ত্রণের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এতে নতুন করে আলোচনায় এসেছে—ভেনেজুয়েলার তেলে যুক্তরাষ্ট্রের আগ্রহের কারণ।

বিশেষজ্ঞদের মতে, এই আগ্রহের মূল কারণ তেলের ধরন ও কৌশলগত সুবিধা। যুক্তরাষ্ট্রে বিপুল তেল মজুত থাকলেও তা মূলত হালকা ‘সুইট ক্রুড’, যা গ্যাসোলিন উৎপাদনে উপযোগী হলেও ভারী শিল্পে সীমিত ব্যবহারযোগ্য। বিপরীতে ভেনেজুয়েলার অপরিশোধিত তেল ভারী ও ঘন, যা পরিশোধনের মাধ্যমে ডিজেল, অ্যাসফল্ট, শিল্পকারখানা ও ভারী যন্ত্রপাতিতে ব্যবহারের উপযোগী জ্বালানিসহ নানা পণ্য উৎপাদনে কার্যকর।

এ ছাড়া ভৌগোলিকভাবে ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রের তুলনামূলক নিকটবর্তী হওয়ায় পরিবহন ব্যয়ও কম। যুক্তরাষ্ট্রের জ্বালানি তথ্য সংস্থা ইআইএ-এর হিসাব অনুযায়ী, ভেনেজুয়েলায় কমপক্ষে ৩০ হাজার ৩০০ কোটি ব্যারেল অপরিশোধিত তেল মজুত রয়েছে, যা বিশ্ব মজুতের প্রায় এক-পঞ্চমাংশ।

তবে বিপুল মজুত থাকা সত্ত্বেও দেশটির দৈনিক তেল উৎপাদন তুলনামূলক কম—প্রতিদিন গড়ে প্রায় ১০ লাখ ব্যারেল। ফলে আন্তর্জাতিক বাজারে ভেনেজুয়েলার সরবরাহ অংশ মাত্র দশমিক ৮ শতাংশ। বিশ্লেষকদের মতে, এই বিপুল মজুত ও শিল্পোপযোগী ভারী তেলই যুক্তরাষ্ট্রের কৌশলগত আগ্রহের মূল কেন্দ্রবিন্দু।