বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স থেকে বাদ দেওয়ার প্রতিবাদে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সব খেলা ও অনুষ্ঠান প্রচার-সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। মঙ্গলবার (৫ জানুয়ারি) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কোনো যৌক্তিক কারণ ছাড়াই ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, যা বাংলাদেশের জনগণকে ব্যথিত ও ক্ষুব্ধ করেছে। এ পরিস্থিতিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আইপিএলের সব খেলা ও অনুষ্ঠান সম্প্রচার বন্ধ রাখতে বলা হয়েছে। জনস্বার্থে এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনে এ আদেশ জারি করা হয়েছে।
উল্লেখ্য, আগামী ২৬ মার্চ ২০২৬ থেকে শুরু হতে যাওয়া আইপিএলকে ঘিরে মুস্তাফিজের অংশগ্রহণ নিয়ে কয়েকদিন ধরেই আলোচনা চলছিল। ভারতের কট্টর হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলোর বিক্ষোভের প্রেক্ষাপটে শনিবার বিসিসিআই মুস্তাফিজকে বাদ দেওয়ার সিদ্ধান্ত জানায়। পরে কলকাতা নাইট রাইডার্স আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করে যে, তিনি আর তাদের স্কোয়াডে নেই।
আপনার মতামত লিখুন :