মাদুরোকে আটকের সময় কিউবার ৩২ সেনা ও গোয়েন্দা নিহত


আন্তর্জাতিক ডেস্ক প্রকাশের সময় : জানুয়ারী ৫, ২০২৬, ৪:৩৭ অপরাহ্ন

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের সময় মার্কিন সামরিক অভিযানে কিউবার সশস্ত্র বাহিনী ও গোয়েন্দা সংস্থার অন্তত ৩২ সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে কিউবা। সোমবার (৫ জানুয়ারি) এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

কিউবার পক্ষ থেকে বলা হয়, গত ৩ জানুয়ারি গভীর রাতে রাজধানী কারাকাসে একটি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়ে মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে মার্কিন সেনাবাহিনীর ডেল্টা ফোর্স। এ সময় মাদুরোর নিরাপত্তায় নিয়োজিত কিউবার সেনা ও গোয়েন্দারা তীব্র প্রতিরোধ গড়ে তুললেও সংঘর্ষে তারা নিহত হন।

নিহতদের সম্মানে কিউবা দুই দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। কিউবার সরকার জানায়, নিহতরা দায়িত্ব পালনের সময় সাহসিকতার সঙ্গে হামলাকারীদের বিরুদ্ধে সরাসরি লড়াইয়ে অংশ নেন।

ভেনেজুয়েলা এখনো আনুষ্ঠানিকভাবে ওই অভিযানে মোট নিহতের সংখ্যা নিশ্চিত করেনি। তবে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস জানিয়েছে, অভিযানে সেনা ও বেসামরিক নাগরিকসহ অন্তত ৪০ জন নিহত হয়েছেন।

উল্লেখ্য, কিউবা দীর্ঘদিন ধরে ভেনেজুয়েলার ঘনিষ্ঠ মিত্র এবং মাদুরোর ক্ষমতায় আসার পর থেকেই তার নিরাপত্তায় কিউবার সেনা ও গোয়েন্দাদের উপস্থিতি ছিল।
সূত্র: দ্য গার্ডিয়ান