জুলাই বিপ্লবের যোদ্ধাদের কোণঠাসা করার অভিযোগ : হাসনাত আব্দুল্লাহ


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : জানুয়ারী ৬, ২০২৬, ৭:১৩ অপরাহ্ন

জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের বিরুদ্ধে রাষ্ট্রযন্ত্র ও আইনশৃঙ্খলা বাহিনী অবস্থান নিয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তিনি দাবি করেছেন, বর্তমান রাষ্ট্রব্যবস্থা ও প্রচলিত রাজনৈতিক দলগুলো জুলাই বিপ্লবকে অপ্রাসঙ্গিক করে দিতে পরিকল্পিতভাবে কাজ করছে।

সোমবার (৫ জানুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লাইভ বক্তব্যে হাসনাত আব্দুল্লাহ বলেন, শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডসহ ছাত্র আন্দোলনের নেতা মাহদী ও তাহরিমা সুরভীর সাম্প্রতিক ঘটনাগুলো প্রমাণ করে আইনশৃঙ্খলা বাহিনী জুলাইয়ের বিপ্লবীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তিনি এ পরিস্থিতিকে ‘বিপ্লবীদের কণ্ঠরোধের গভীর ষড়যন্ত্র’ হিসেবে আখ্যা দেন।

শরীফ ওসমান হাদি হত্যার বিচার কার্যক্রমে দৃশ্যমান অগ্রগতি না থাকায় গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, সরকারের দায়িত্বশীল মহলের কর্মকাণ্ডে ন্যায়বিচার নিশ্চিত করার সদিচ্ছা প্রতিফলিত হচ্ছে না। তার মতে, হাদি হত্যার পর ধারাবাহিকভাবে ঘটে যাওয়া বিভিন্ন অপ্রীতিকর ঘটনা রাষ্ট্রযন্ত্রের পক্ষ থেকে বিপ্লবীদের কোণঠাসা করার প্রচেষ্টার ইঙ্গিত দেয়।

নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলে এনসিপির এই সংসদ সদস্য পদপ্রার্থী বলেন, কমিশনের আচরণ উদ্বেগজনক এবং আইন সবার জন্য সমানভাবে প্রয়োগ হচ্ছে না, যা একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের পথে বড় বাধা।

এছাড়া সরকারের ডিজিটাল নীতি ও গণমাধ্যমের ভূমিকার কঠোর সমালোচনা করে তিনি বলেন, সরকারবিরোধী ও সংস্কারপন্থীদের দমনে রাষ্ট্র সক্রিয় থাকলেও আওয়ামী লীগ সংশ্লিষ্ট অনেক অনলাইন আইডির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। সাংবাদিক ইলিয়াস হোসেনের আইডি অপসারণের প্রসঙ্গ টেনে তিনি গণমাধ্যম ও প্রশাসনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, এনসিপি সংস্কারের পক্ষে অটল এবং যেকোনো ধরনের বৈদেশিক আগ্রাসন ও ভারতবিরোধিতার বিরুদ্ধে অবস্থান বজায় রাখবে। আসন্ন নির্বাচনে সংস্কারপন্থি শক্তিকে সমর্থন দেওয়ার আহ্বান জানিয়ে তিনি গণতান্ত্রিক প্রক্রিয়া আরও সম্প্রসারিত করার ওপর গুরুত্বারোপ করেন।