ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযানের পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রকাশ্য চ্যালেঞ্জ জানালেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে পেত্রো বলেন, “আমাকে ধরতে আসুন। আমি এখানেই অপেক্ষা করছি।”
এক বিবৃতিতে পেত্রো সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র যদি বোমা হামলা চালায় বা কলম্বিয়ার জনপ্রিয় প্রেসিডেন্টকে আটক করার চেষ্টা করে, তবে কৃষকরা হাজার হাজার গেরিলায় পরিণত হবে এবং দেশ ভয়াবহ সংঘাতের মুখে পড়বে। সাবেক বামপন্থী গেরিলা নেতা পেত্রো দাবি করেন, তিনি অস্ত্র না ধরার শপথ নিলেও মাতৃভূমির প্রয়োজনে আবার অস্ত্র হাতে নিতে বাধ্য হবেন।
এর আগে ভেনেজুয়েলা অভিযান নিয়ে ট্রাম্প কলম্বিয়াকে ‘অসুস্থ রাষ্ট্র’ আখ্যা দিয়ে অভিযোগ করেন, দেশটি কোকেন উৎপাদন ও যুক্তরাষ্ট্রে পাচারের সঙ্গে জড়িত। এমনকি কলম্বিয়ার বিরুদ্ধে অভিযান চালানো তার কাছে ‘ভালোই শোনায়’ বলেও মন্তব্য করেন তিনি। এতে দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে।
কলম্বিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় হুমকি ও বলপ্রয়োগ প্রত্যাখ্যান করে জানায়, দেশটি সংলাপ ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে আন্তর্জাতিক সম্পর্ক বজায় রাখতে চায়।
উল্লেখ্য, এর আগেও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ট্রাম্পকে একইভাবে ‘আমাকে ধরতে আসুন’ বলে চ্যালেঞ্জ জানিয়েছিলেন। সম্প্রতি হোয়াইট হাউস মাদুরো ও তার স্ত্রীকে আটকের অভিযানের ভিডিও প্রকাশ করলে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।
আপনার মতামত লিখুন :