জকসু নির্বাচনে ৬৫ শতাংশ ভোটার উপস্থিতি, শুরু ভোট গণনা


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : জানুয়ারী ৬, ২০২৬, ৮:৫৭ অপরাহ্ন

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত অনুষ্ঠিত এ নির্বাচনে প্রাথমিক হিসাবে প্রায় ৬৫ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের ৩৯টি কেন্দ্রে ১৭৮টি বুথে মোট ১৬ হাজার ৬৪৯ জন ভোটারের মধ্যে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে ভোট দেন। হল সংসদ নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল আরও বেশি—প্রায় ৭৭ শতাংশ।

নির্বাচন কমিশনার অধ্যাপক জুলফিকার মাহমুদ সন্ধ্যা ৬টায় জানান, সব কেন্দ্রের তথ্য সমন্বয়ের পর চূড়ান্ত হার নির্ধারণ করা হবে। তিনি বলেন, নির্ধারিত সময় শেষে কয়েকটি কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইনের কারণে সেখানে অতিরিক্ত সময় ভোটগ্রহণ চালু রাখা হয়।

ভোটগ্রহণ শেষে সব কেন্দ্রের ব্যালট বাক্স বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামের নিয়ন্ত্রণ কক্ষে আনা হয়েছে। নির্বাচন কমিশনার অধ্যাপক শহিদুল ইসলাম জানান, ব্যালট স্ক্রিনিংয়ের মাধ্যমে ভোট গণনা শুরু হয়েছে এবং যেসব ব্যালটে ক্রস চিহ্ন ছাড়া অন্য কোনো চিহ্ন থাকবে, সেগুলো বাতিল করা হবে।

ভোট গণনার পুরো প্রক্রিয়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে স্থাপিত এলইডি স্ক্রিনে সরাসরি সম্প্রচার করা হচ্ছে। ওএমআর মেশিনে গণনা শেষে পর্যায়ক্রমে ফলাফল ঘোষণা করা হবে।