নির্বাচনে অংশ নিতে মার্কিন নাগরিকত্ব ছাড়লেন বিএনপি প্রার্থী মিন্টু


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : জানুয়ারী ৬, ২০২৬, ৯:৩৩ অপরাহ্ন

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ত্যাগ করেছেন ফেনী-৩ (দাগনভূঞা ও সোনাগাজী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আবদুল আউয়াল মিন্টু। হলফনামায় উল্লেখ করা হয়েছে, তিনি গত বছরের ৯ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে মার্কিন নাগরিকত্ব পরিত্যাগ করেন।

এর আগে গত ৪ জানুয়ারি ফেনী জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মনিরা হক তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন। জেলা প্রশাসন জানিয়েছে, মিন্টু মার্কিন দূতাবাসে নাগরিকত্ব ত্যাগের আবেদন দাখিল করেছেন এবং পূর্বের দ্বৈত নাগরিকত্ব পরিত্যাগ করেছেন।

মনোনয়ন বৈধ ঘোষণার পর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। স্থানীয় নেতাকর্মীরা দাবি করছেন, ‘ক্লিন ইমেজের’ প্রার্থী হিসেবে মিন্টুর প্রার্থিতা নির্বাচনী মাঠে বিএনপির অবস্থান আরও শক্তিশালী করবে।

আবদুল আউয়াল মিন্টু বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশা নিয়ে তিনি ভোটের মাঠে রয়েছেন এবং উন্নয়নের পক্ষে জনগণ ধানের শীষে ভোট দেবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, ফেনী-৩ আসনটি দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত। এ আসনে মিন্টুর প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন জামায়াত মনোনীত প্রার্থী ও ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ডা. ফখরুদ্দিন মানিক।