ভেন্যু পরিবর্তন ইস্যুতে বাংলাদেশকে ইতিবাচক সাড়া দিয়েছে আইসিসি: বিসিবি


স্পোর্টস ডেস্ক প্রকাশের সময় : জানুয়ারী ৭, ২০২৬, ৩:২৩ অপরাহ্ন

আসন্ন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে খেলতে না যাওয়ার বিষয়ে নিরাপত্তা উদ্বেগ জানিয়ে আইসিসিকে পাঠানো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ইমেইলের ইতিবাচক জবাব দিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। বুধবার সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে বিসিবি।

বিবৃতিতে বলা হয়, ভারতের মাটিতে বাংলাদেশ জাতীয় দলের নিরাপত্তা ও সার্বিক সুরক্ষা নিয়ে বিসিবির উদ্বেগের বিষয়টি আইসিসি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। প্রয়োজনে বাংলাদেশের ম্যাচের ভেন্যু পরিবর্তনের সম্ভাবনাও আলোচনায় রয়েছে বলে জানানো হয়।

বিসিবির ভাষ্য অনুযায়ী, আইসিসি বাংলাদেশ দলের পূর্ণ ও নির্বিঘ্ন অংশগ্রহণ নিশ্চিত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। একই সঙ্গে টুর্নামেন্টের নিরাপত্তা পরিকল্পনায় বিসিবির মতামত ও সুপারিশ গুরুত্বসহকারে বিবেচনার আশ্বাস দেওয়া হয়েছে।

বিসিবি জানিয়েছে, আইসিসির সঙ্গে এই যোগাযোগের মাধ্যমে দলের নিরাপত্তা নিয়ে বোর্ডের অবস্থান স্পষ্টভাবে তুলে ধরা সম্ভব হয়েছে এবং পরিস্থিতি অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নির্ধারণে সমন্বয় অব্যাহত থাকবে।

উল্লেখ্য, এর আগে ভারতীয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো এক প্রতিবেদনে দাবি করেছিল, নিরাপত্তা শঙ্কায় ভারতের বাইরে ম্যাচ আয়োজনের বাংলাদেশের অনুরোধ আইসিসি প্রত্যাখ্যান করেছে এবং ভারতে খেলতে না গেলে পয়েন্ট হারানোর ঝুঁকির কথাও জানানো হয়েছে। তবে বিসিবির সর্বশেষ বিবৃতিতে আইসিসির অবস্থানকে ইতিবাচক হিসেবেই তুলে ধরা হয়েছে।