২০ বছরের দাম্পত্য জীবনের ইতি, আলাদা হলেন নিকোল কিডম্যান ও কিথ আরবান


বিনোদন ডেস্ক প্রকাশের সময় : জানুয়ারী ৭, ২০২৬, ৬:৩৭ অপরাহ্ন

হলিউড অভিনেত্রী নিকোল কিডম্যান ও সংগীতশিল্পী কিথ আরবানের দীর্ঘ ২০ বছরের দাম্পত্য জীবনের আনুষ্ঠানিক অবসান ঘটেছে। মঙ্গলবার টেনেসির ন্যাশভিলের একটি আদালত তাদের বিবাহবিচ্ছেদের চূড়ান্ত আদেশ জারি করেন। ফলে বিশ্বখ্যাত এই দুই তারকা এখন আইনত অবিবাহিত।

আদালতের নথি অনুযায়ী, গত বছরের সেপ্টেম্বরেই কিডম্যান বিবাহবিচ্ছেদের আবেদন করেন। বিচ্ছেদের আগেই দম্পতি পারস্পরিক সমঝোতার মাধ্যমে সম্পত্তি বণ্টন ও সন্তানদের হেফাজত বিষয়ে চুক্তিতে পৌঁছান। উভয় পক্ষই ভরণপোষণের দাবি প্রত্যাহার করেছেন এবং যৌথ সম্পত্তি প্রায় সমানভাবে ভাগ করে নিয়েছেন।

দম্পতির দুই কিশোরী কন্যা—সানডে রোজ (১৭) ও ফেইথ মার্গারেট (১৫)। সমঝোতা অনুযায়ী, কিডম্যান সন্তানদের প্রধান অভিভাবক থাকবেন এবং মেয়েরা মূলত তার সঙ্গেই বসবাস করবে। তবে কিথ আরবান নিয়মিতভাবে সন্তানদের সঙ্গে সময় কাটাবেন।

২০০৫ সালে পরিচয়ের পর ২০০৬ সালে সিডনিতে বিয়ে করেন এই অস্ট্রেলীয় দম্পতি। দুই দশকের দাম্পত্য জীবনে তারা বিশ্ব মঞ্চে আদর্শ তারকা জুটির প্রতিচ্ছবি হয়ে উঠেছিলেন। বিচ্ছেদের খবর ভক্তদের জন্য বিস্ময়ের হলেও নতুন বছরের শুরুতে সন্তানদের সঙ্গে সময় কাটিয়ে সামনে এগিয়ে যাওয়ার বার্তা দিয়েছেন কিডম্যান।