জকসু নির্বাচনে শীর্ষ তিন পদেই ছাত্রশিবির সমর্থিত প্যানেলের জয়


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : জানুয়ারী ৮, ২০২৬, ১:০২ পূর্বাহ্ন

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল নিরঙ্কুশ জয় অর্জন করেছে। ভাইস প্রেসিডেন্ট (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস) ও সহ-সাধারণ সম্পাদক (এজিএস)—তিনটি গুরুত্বপূর্ণ পদেই বিজয়ী হয়েছে এই প্যানেল।

বুধবার (৭ জানুয়ারি) রাত সাড়ে ১১টায় কেন্দ্রীয় সংসদের ৩৮টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার অধ্যাপক ড. কানিজ ফাতিমা কাকলী।

ঘোষিত ফলাফল অনুযায়ী, ভিপি পদে ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের প্রার্থী রিয়াজুল ইসলাম ৫ হাজার ৫৬৪ ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভিক জবিয়ান’ প্যানেলের প্রার্থী এ কে এম রাকিব পেয়েছেন ৪ হাজার ৬৮৮ ভোট। দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান ছিল ৮৮০।

সাধারণ সম্পাদক (জিএস) পদে শিবির সমর্থিত প্রার্থী আব্দুল আলিম আরিফ পেয়েছেন ৫ হাজার ৪৭০ ভোট। অপরদিকে ছাত্রদল সমর্থিত প্রার্থী খাদিজাতুল কুবরা পেয়েছেন ২ হাজার ২০৩ ভোট। এই পদে ব্যবধান দাঁড়ায় ৩ হাজার ২৬৭ ভোট।

সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদেও জয় পায় শিবির সমর্থিত প্যানেল। প্রার্থী মাসুদ রানা পেয়েছেন ৫ হাজার ২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্রার্থী বিএম আতিকুর তানজিল পেয়েছেন ৩ হাজার ৮৬৮ ভোট।

এ নির্বাচনের ফলাফলে জকসুর নেতৃত্বে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রভাব স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।