এলপি গ্যাসের সংকট ও মূল্য অস্থিরতা মোকাবিলায় আমদানি ও স্থানীয় উৎপাদন পর্যায়ে ভ্যাট ও করহার কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয় এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
প্রজ্ঞাপন অনুযায়ী, আমদানি করা এলপি গ্যাসের ওপর ভ্যাট ১৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ এবং স্থানীয় উৎপাদন পর্যায়ে ভ্যাট ৭ দশমিক ৫ শতাংশে নামানোর প্রস্তাব করা হয়েছে।
এছাড়া এলপি গ্যাসকে ‘গ্রিন ফুয়েল’ হিসেবে বিবেচনা করে কর কাঠামো পুনর্বিন্যাসের বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ডকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে এলপি গ্যাস আমদানিতে ব্যাংক ঋণ ও এলসি খোলার প্রক্রিয়া সহজ করতে বাংলাদেশ ব্যাংককে নির্দেশনা দেওয়া হয়েছে।
সরকারি সূত্র জানায়, দেশে ব্যবহৃত প্রায় ৯৮ শতাংশ এলপি গ্যাস বেসরকারি খাতের মাধ্যমে আমদানি করা হয়। শীত মৌসুমে আন্তর্জাতিক বাজারে সরবরাহ কমে যাওয়া ও পাইপলাইনের গ্যাস সংকটের কারণে এলপি গ্যাসের চাহিদা বেড়ে বাজারে তীব্র সংকট তৈরি হয়। ভ্যাট কমানোর এই সিদ্ধান্তে সরবরাহ স্বাভাবিক হওয়া ও ভোক্তাদের ওপর চাপ কমবে বলে আশা করা হচ্ছে।
আপনার মতামত লিখুন :