গুলির মুখে রক্তাক্ত রাজপথ, ইরানে বিক্ষোভে সহিংসতা চরমে


আন্তর্জাতিক ডেস্ক প্রকাশের সময় : জানুয়ারী ৯, ২০২৬, ৬:৪৬ অপরাহ্ন

ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভ আরও ভয়াবহ ও সহিংস রূপ নিয়েছে। দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জাহেদান শহরে শুক্রবার জুমার নামাজের পর বিক্ষোভকারীদের ওপর সরাসরি গুলি চালিয়েছে নিরাপত্তা বাহিনী।

এতে বহু মানুষ আহত হয়েছেন বলে বালুচ মানবাধিকার সংগঠন হালভশ জানিয়েছে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, শান্তিপূর্ণ বিক্ষোভ ছত্রভঙ্গ করতেই মাক্কি মসজিদের আশপাশে এই গুলিবর্ষণ করা হয়।

একই দিনে উত্তর-পূর্বাঞ্চলীয় মাশহাদ শহরেও ব্যাপক বিক্ষোভের খবর পাওয়া গেছে। ভাকিলাবাদ বুলেভার্ডে হাজারো মানুষ জড়ো হয় বলে জানা গেছে। এর আগে ওই এলাকায় নজরদারি ক্যামেরা অকার্যকর করে দেওয়ার অভিযোগ উঠলেও তা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

এদিকে উত্তর খোরাসান প্রদেশের এসফারায়েন শহরে সহিংসতায় একজন সরকারি কৌঁসুলি ও কয়েকজন নিরাপত্তা সদস্য নিহত হয়েছেন। বিচার বিভাগ জানিয়েছে, অস্থিরতার সময় বিক্ষোভকারীরা একটি ট্রেইলারে আগুন ধরিয়ে দিলে উদ্ধারকাজ ব্যাহত হয়। ঘটনায় জড়িতদের শনাক্তে তদন্ত শুরু হয়েছে।

মানবাধিকার সংস্থা এইচআরএএনএ জানায়, বিক্ষোভ শুরুর পর থেকে এখন পর্যন্ত অন্তত ৪২ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ৩৪ জন বিক্ষোভকারী। এ ছাড়া দেশজুড়ে দুই হাজারের বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে।

অর্থনৈতিক সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও সরকারি নীতির বিরুদ্ধে শুরু হওয়া এই আন্দোলন দমনে কঠোর নিরাপত্তা জারি করা হলেও সহিংসতা ও প্রাণহানির মধ্যেও রাজপথ ছাড়তে নারাজ বিক্ষোভকারীরা, যা পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলছে।