ইরানে চলমান তীব্র গণবিক্ষোভের প্রেক্ষাপটে বিক্ষুব্ধ জনতার উদ্দেশে ‘রেড লাইন’ ঘোষণা করেছে দেশটির নিয়মিত সেনাবাহিনী ও ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। শনিবার পৃথক বিবৃতিতে তারা রাষ্ট্রীয় সম্পত্তি ও নিরাপত্তা স্থাপনায় হামলার চেষ্টা কঠোরভাবে দমন করা হবে বলে সতর্ক করেছে।
রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে প্রচারিত বিবৃতিতে আইআরজিসি জানায়, সাম্প্রতিক দিনে সন্ত্রাসীরা সামরিক ও আইনশৃঙ্খলা বাহিনীর ঘাঁটি দখলের চেষ্টা, সরকারি সম্পত্তিতে অগ্নিসংযোগ এবং নিরাপত্তা সদস্য ও নাগরিক হত্যায় জড়িয়েছে। এসব কর্মকাণ্ডকে ‘অগ্রহণযোগ্য’ আখ্যা দিয়ে ইসলামি বিপ্লব ও রাষ্ট্রীয় নিরাপত্তা রক্ষায় কঠোর পদক্ষেপের ঘোষণা দেওয়া হয়।
পৃথক বিবৃতিতে নিয়মিত সেনাবাহিনীও জাতীয় স্বার্থ, কৌশলগত অবকাঠামো ও সরকারি সম্পত্তি রক্ষায় দৃঢ় অবস্থানের কথা জানায়।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে মুদ্রার অবমূল্যায়ন, উচ্চ মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে গত ২৮ ডিসেম্বর তেহরানে ধর্মঘটের মধ্য দিয়ে বিক্ষোভ শুরু হয়। অল্প সময়ের মধ্যেই তা দেশের প্রায় সব প্রদেশে ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার নিরাপত্তা বাহিনী মোতায়েন, ইন্টারনেট ও মোবাইল সংযোগ বিচ্ছিন্নসহ কঠোর ব্যবস্থা নিয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্যমতে, বিক্ষোভে গত ১৩ দিনে দুই শতাধিক মানুষ নিহত হয়েছেন।
আপনার মতামত লিখুন :