হামলা হলে পাল্টা জবাবের হুঁশিয়ারি, ওয়াশিংটনকে সতর্ক করল তেহরান


আন্তর্জাতিক ডেস্ক প্রকাশের সময় : জানুয়ারী ১১, ২০২৬, ৩:২৯ অপরাহ্ন

যুক্তরাষ্ট্র কোনো ধরনের হামলা চালালে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো ইরানের ‘বৈধ লক্ষ্যবস্তুতে’ পরিণত হবে—এমন কড়া হুঁশিয়ারি দিয়েছে তেহরান। ইরানি পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ এ সতর্কবার্তা দেন।

রোববার বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, ইরানে চলমান বিক্ষোভের প্রতি সমর্থন জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ধারাবাহিকভাবে হস্তক্ষেপের ইঙ্গিত দেওয়ার প্রেক্ষাপটে এ প্রতিক্রিয়া জানায় ইরান। সর্বশেষ শনিবার ট্রাম্প সামাজিক মাধ্যমে ইরানকে ‘স্বাধীনতার দ্বারপ্রান্তে’ উল্লেখ করে যুক্তরাষ্ট্রের সহায়তার কথা বলেন।

কালিবাফ বলেন, ইরানে আঘাত হানলে এর পাল্টা জবাব দেওয়া হবে এবং তা যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য গুরুতর পরিণতি ডেকে আনবে। এমন সময়ে তার এই মন্তব্য এলো, যখন সম্ভাব্য মার্কিন হস্তক্ষেপের আশঙ্কায় ইসরায়েলকে উচ্চ সতর্কতায় রাখা হয়েছে বলে খবর প্রকাশ পেয়েছে।

রয়টার্স জানায়, এ বিষয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর ফোনালাপ হয়েছে। যদিও আলোচনার বিস্তারিত জানানো হয়নি।

এর আগে গত বছর ইরান ও ইসরায়েলের মধ্যে রক্তক্ষয়ী সংঘাতের স্মৃতি এখনো তাজা। চলমান বিক্ষোভ, পারমাণবিক কর্মসূচি ও আঞ্চলিক প্রভাব বিস্তার নিয়ে তেহরান ও তেলআবিবের মধ্যে উত্তেজনা আরও ঘনীভূত হচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।