প্রার্থিতা ফিরে পেলেন মান্না, বললেন—‘ষড়যন্ত্র টেকেনি’


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : জানুয়ারী ১১, ২০২৬, ৪:১১ অপরাহ্ন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার আপিল শুনানি শেষে তার প্রার্থিতা ফিরিয়ে দেওয়া হয়।

প্রার্থিতা ফিরে পেয়ে প্রতিক্রিয়ায় মান্না বলেন, তার মনোনয়ন বাতিলের পেছনে ষড়যন্ত্র ছিল, তবে আল্লাহর ওপর ভরসার কারণে তা শেষ পর্যন্ত টেকেনি। তিনি অভিযোগ করেন, আইনের সুযোগ থাকা সত্ত্বেও তাকে বাদ দেওয়ার চেষ্টা করা হয়েছিল, যা গণতান্ত্রিক চর্চার জন্য অশুভ ইঙ্গিত।

ব্যাংক ঋণ খেলাপির অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা দাবি করে মান্না বলেন, একটি ভুয়া নোটিশের মাধ্যমে তাকে বিতর্কিত করার চেষ্টা করা হয়েছিল, যার সঙ্গে জড়িত ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে পরে ব্যবস্থা নেওয়া হয়।

নির্বাচন কমিশনের ভূমিকায় সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, অন্তর্ভুক্তিমূলক রাজনীতির পক্ষে কমিশনের অবস্থান গণতন্ত্রকে শক্তিশালী করবে। তবে প্রশাসন ও পুলিশের ভূমিকা নিয়ে শঙ্কা প্রকাশ করেন তিনি।

রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা প্রসঙ্গে মান্না বলেন, ষড়যন্ত্র ও ‘কোমরের নিচে আঘাত’ দিয়ে রাজনীতিতে জয় সম্ভব নয়। গণতন্ত্রের লড়াইয়ে শেষ পর্যন্ত সত্যই টিকে থাকে—আজকের সিদ্ধান্ত তার প্রমাণ।