‘ইন্ডিয়ান আইডল–৩’ জয়ী গায়ক প্রশান্ত তামাং আর নেই


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : জানুয়ারী ১১, ২০২৬, ৭:২১ অপরাহ্ন

‘ইন্ডিয়ান আইডল সিজন–৩’-এর বিজয়ী জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা প্রশান্ত তামাং আর নেই। রোববার (১১ জানুয়ারি) সকালে মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে দিল্লির একটি হাসপাতালে ৪৩ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন।

ভারতীয় গণমাধ্যম জানায়, শনিবার রাতে হঠাৎ ব্রেন স্ট্রোকে আক্রান্ত হলে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। তবে চিকিৎসকদের সব প্রচেষ্টা ব্যর্থ করে রোববার সকাল ৯টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার আকস্মিক মৃত্যুতে দার্জিলিংসহ ভারতের সংগীত ও বিনোদন অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

পরিবারের বরাতে জানা গেছে, সম্প্রতি অরুণাচল প্রদেশে একটি সংগীত অনুষ্ঠানে অংশ নিয়ে দিল্লিতে ফেরার পরই অসুস্থ হয়ে পড়েন প্রশান্ত তামাং। এর আগে তার তেমন কোনো বড় শারীরিক জটিলতা ছিল না বলে জানিয়েছেন স্বজনরা।

দার্জিলিংয়ের সন্তান প্রশান্ত তামাং একসময় কলকাতা পুলিশের কনস্টেবল ছিলেন। ২০০৭ সালে জনপ্রিয় রিয়েলিটি শো ‘ইন্ডিয়ান আইডল’ জিতে রাতারাতি দেশজুড়ে পরিচিতি পান। পরে সংগীতের পাশাপাশি অভিনয়েও নিজের অবস্থান তৈরি করেন। সাম্প্রতিক সময়ে আলোচিত ওয়েব সিরিজ ‘পাতাললোক’-এ খল চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছিলেন তিনি।

স্ত্রী ও কন্যাসন্তান রেখে যাওয়া এই শিল্পীর অকাল প্রয়াণে ভক্ত ও সহকর্মীরা গভীর শোক প্রকাশ করেছেন।