নিজেকে ভেনেজুয়েলার ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ ঘোষণা ট্রাম্পের, আন্তর্জাতিক অঙ্গনে তীব্র বিতর্ক


আন্তর্জাতিক ডেস্ক প্রকাশের সময় : জানুয়ারী ১২, ২০২৬, ১২:১৫ অপরাহ্ন

বিশ্ব রাজনীতিতে নজিরবিহীন ঘটনা ঘটিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেকে ভেনেজুয়েলার ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ হিসেবে ঘোষণা করেছেন। রোববার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, ২০২৬ সালের জানুয়ারি থেকে তিনি ওই পদে অধিষ্ঠিত হয়েছেন।

মার্কিন সামরিক অভিযানে ভেনেজুয়েলার নির্বাচিত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো অপহৃত হওয়ার এক সপ্তাহ পর ট্রাম্পের এই ঘোষণা আসে। গত ৩ জানুয়ারি কারাকাসে মার্কিন বাহিনীর ঝটিকা অভিযানে মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে নিউইয়র্কে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তারা মাদক পাচারের অভিযোগে যুক্তরাষ্ট্রের ফেডারেল কারাগারে বন্দি রয়েছেন। ওই অভিযানে ভেনেজুয়েলায় অন্তত শতাধিক মানুষের প্রাণহানি ঘটে বলে জানা গেছে।

এরই মধ্যে ভেনেজুয়েলার বিপুল তেল সম্পদের নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাতে নেওয়ার ঘোষণা দিয়েছে ওয়াশিংটন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, অনির্দিষ্টকালের জন্য ভেনেজুয়েলার জ্বালানি খাতের নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের অধীনে থাকবে এবং সরকার সংস্কারে সক্রিয় ভূমিকা পালন করবে। উপযুক্ত সময়ে তেলের মালিকানা ফেরত দেওয়ার কথাও বলা হয়েছে।

মাদুরো অপহৃত হওয়ার পর ভেনেজুয়েলার সুপ্রিম কোর্ট ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা করে, যাকে সেনাবাহিনীও সমর্থন দেয়। তবে ট্রাম্পের ঘোষণায় দেশটিতে দ্বৈত ক্ষমতার দাবি তৈরি হয়েছে, যা ভেনেজুয়েলার সার্বভৌমত্ব ও প্রশাসনিক স্থিতিশীলতাকে আরও সংকটে ফেলেছে।

ট্রাম্পের এই পদক্ষেপ আন্তর্জাতিক আইন লঙ্ঘন কি না, তা নিয়ে বিশ্বজুড়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে এবং লাতিন আমেরিকার ভূরাজনীতিতে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে।