প্রচারণা শুরুর পরই বোঝা যাবে নির্বাচনের প্রকৃত চিত্র: মির্জা ফখরুল


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : জানুয়ারী ১২, ২০২৬, ৩:২৮ অপরাহ্ন

বিএনপির মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এখন পর্যন্ত নির্বাচনী পরিবেশ মোটামুটি ভালো মনে হলেও প্রকৃত অবস্থা স্পষ্ট হবে আনুষ্ঠানিক প্রচারণা শুরু হওয়ার পর। তার আগে নির্বাচনের বাস্তব চিত্র বোঝা সম্ভব নয়।

সোমবার (১২ জানুয়ারি) সকালে ঠাকুরগাঁও শহরের নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বর্তমানে রাজনৈতিক দলগুলো সাংগঠনিক প্রস্তুতি ও মনোনয়নসংক্রান্ত বিষয় গুছিয়ে নিচ্ছে। প্রচারণা শুরু হলে তবেই মাঠের বাস্তবতা পরিষ্কার হবে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে মির্জা ফখরুল বলেন, সরকারের ব্যর্থতার কারণে এখনো অস্ত্র উদ্ধার ও নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হয়নি। তবে নির্বাচন চলাকালে পরিস্থিতির উন্নতি হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ক্রিকেট প্রসঙ্গে তিনি বলেন, আন্তর্জাতিক রাজনীতির প্রভাব খেলায় রয়েছে এবং একজন বাংলাদেশি ক্রিকেটারকে অপমান মানে দেশকেই অপমান করা। ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তকে সমর্থন জানালেও ছোটখাটো বিষয় নিজেদের মধ্যেই সমাধানের পক্ষে মত দেন তিনি।

বড় দলের ভোট টানার প্রসঙ্গে প্রশ্নের জবাবে তিনি বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধ থাকায় বড় দল হিসেবে মাঠে বিএনপিই পরীক্ষিত রাজনৈতিক শক্তি। বহুদলীয় গণতন্ত্র, সংবাদপত্র ও বিচার বিভাগের স্বাধীনতা প্রতিষ্ঠাসহ রাষ্ট্রীয় সংস্কারে বিএনপির ভূমিকার কথা তুলে ধরেন তিনি।

দলীয় চেয়ারম্যান তারেক রহমানের উত্তরাঞ্চল সফরের কথা জানিয়ে মির্জা ফখরুল বলেন, তিনি শিগগিরই এই অঞ্চলে আসবেন এবং বিভিন্ন শহীদের কবর জিয়ারত করবেন।

গণভোট প্রসঙ্গে তিনি বলেন, ভোট দেওয়া জনগণের দায়িত্ব, বিএনপির নয়। তিস্তা ও অভিন্ন নদীর পানি বণ্টন ইস্যুতে ভারত সঙ্গে কূটনৈতিক আলোচনার মাধ্যমে ন্যায্য হিস্যা আদায়ের অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন বিএনপির মহাসচিব।