বিদেশি মদদপুষ্ট সন্ত্রাস ও অস্থিরতার বিরুদ্ধে রাজধানী তেহরানসহ ইরানের বিভিন্ন প্রদেশে লক্ষাধিক মানুষের অংশগ্রহণে বিশাল সরকারপন্থী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার স্থানীয় সময় দুপুর থেকে শুরু হওয়া এসব কর্মসূচিতে ইসলামি প্রজাতন্ত্র ও সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি অটল সমর্থনের ঘোষণা দেওয়া হয়।
রাষ্ট্রীয় টেলিভিশনের ফুটেজে দেখা যায়, তেহরানের এঙ্গেলাব স্কয়ারসহ বিভিন্ন শহরে জনস্রোত নেমে আসে। বিক্ষোভকারীরা ‘মৃত্যু আমেরিকার’ ও ‘মৃত্যু ইসরাইলের’ স্লোগান দেন। কেরমান, জাহেদান, বিরজান্দ ও সেমনানসহ নানা শহরে নিহত নিরাপত্তা সদস্যদের জানাজা ও শোক মিছিলেও ব্যাপক উপস্থিতি দেখা যায়।
সরকারি ও সরকারঘনিষ্ঠ গণমাধ্যম এই সমাবেশগুলোকে ‘আমেরিকান-জায়নবাদী সন্ত্রাসবাদের বিরুদ্ধে জাতীয় গণঅভ্যুত্থান’ হিসেবে বর্ণনা করেছে। কর্তৃপক্ষের দাবি, যুক্তরাষ্ট্র ও ইসরাইল সমর্থিত গোষ্ঠীগুলো অর্থনৈতিক অসন্তোষকে কাজে লাগিয়ে সহিংসতা ছড়ানোর চেষ্টা করছে।
এর আগে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি দেশ ভাঙচুরকারীদের কাছে মাথানত না করার আহ্বান জানান। প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান বলেন, শান্তিপূর্ণ প্রতিবাদ আর দাঙ্গা এক নয় এবং বিদেশি মদদে সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সংসদের স্পিকার ও বিচার বিভাগও সশস্ত্র দাঙ্গাকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছে।
সমাবেশে অংশগ্রহণকারীরা বলেন, অর্থনৈতিক সংকটের অভিযোগ বৈধ হলেও তার সমাধান দেশের ভেতর থেকেই আসতে হবে, বিদেশি হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না।
আপনার মতামত লিখুন :