দ্বিতীয় বিয়ে বিষয়ে জেন্ডার সংবেদনশীল ভূমিকা চাইল মহিলা পরিষদ


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : জানুয়ারী ১৩, ২০২৬, ৯:৩৩ অপরাহ্ন

দ্বিতীয় বিয়ে সংক্রান্ত হাইকোর্টের সাম্প্রতিক রায়কে ঘিরে গণমাধ্যমে নারীবিদ্বেষী ও অধিকার খর্বকারী প্রচারণা চলছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ মহিলা পরিষদ। এ প্রেক্ষাপটে নারীর অধিকার ও মর্যাদা সুরক্ষায় বিচার বিভাগের জেন্ডার সংবেদনশীল ভূমিকা প্রত্যাশা করেছে সংগঠনটি।

মঙ্গলবার এক বিবৃতিতে মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম ও সাধারণ সম্পাদক মালেকা বানু জানান, প্রথম বিয়ে বহাল থাকা অবস্থায় দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে সালিশি কাউন্সিলের অনুমতি সংক্রান্ত হাইকোর্টের রায়কে কেন্দ্র করে নারীর মানবাধিকার লঙ্ঘনের আশঙ্কা তৈরি হচ্ছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

বিবৃতিতে নারীর সম্মান, মর্যাদা ও মানবাধিকার রক্ষায় সামাজিক, সাংস্কৃতিক ও আইনগত বৈষম্য নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়ে বিচার বিভাগসহ সংশ্লিষ্ট সব পক্ষের দায়িত্বশীল ও সংবেদনশীল অবস্থানের আহ্বান জানানো হয়েছে।