ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক হামলার পরিকল্পনাকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে আখ্যা দিয়েছে রাশিয়া। মস্কো সতর্ক করে জানিয়েছে, ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতিকে অজুহাত হিসেবে ব্যবহার করে হামলা চালানো হলে তা মধ্যপ্রাচ্যসহ বৈশ্বিক নিরাপত্তার জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনবে।
মঙ্গলবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের অবস্থানের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, ইরানের পারমাণবিক স্থাপনায় অতীতে চালানো হামলার পুনরাবৃত্তি পুরো অঞ্চলকে আরও অস্থিতিশীল করে তুলবে এবং আন্তর্জাতিক নিরাপত্তাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে।
ইরানের সঙ্গে বাণিজ্য করা দেশগুলোর ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের মার্কিন হুমকিকেও ‘ব্ল্যাকমেইল’ হিসেবে অভিহিত করে জাখারোভা বলেন, বাণিজ্য শুল্ককে অস্ত্র হিসেবে ব্যবহার আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক শিষ্টাচারের পরিপন্থি।
ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভ প্রসঙ্গে রাশিয়ার দাবি, আন্দোলনগুলো কৃত্রিমভাবে উসকে দেওয়া হয়েছে এবং পরিস্থিতি ধীরে ধীরে স্থিতিশীলতার দিকে যাচ্ছে।
এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে ইরানি বিক্ষোভকারীদের আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে বিক্ষোভকারীদের ওপর সহিংসতা বন্ধ না হলে ইরানি কর্মকর্তাদের সঙ্গে সব ধরনের বৈঠক বাতিলের ঘোষণা দিয়েছেন।
আপনার মতামত লিখুন :