ইরানে তাৎক্ষণিক সামরিক হামলা থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে ইসরাইল ও কয়েকটি আরব দেশ। তাদের মতে, বর্তমান পরিস্থিতিতে মার্কিন আক্রমণের মাধ্যমে ইরানের শাসনব্যবস্থার পতন ঘটানো সম্ভব নাও হতে পারে। এনবিসি নিউজের বরাতে এ তথ্য জানিয়েছে দ্য টাইমস অব ইসরাইল।
প্রতিবেদনে বলা হয়, ইসরাইলি ও আরব কর্মকর্তারা মনে করছেন, ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভ আরও তীব্র না হওয়া পর্যন্ত হামলার সিদ্ধান্ত স্থগিত রাখা উচিত। সাম্প্রতিক দিনগুলোতে মার্কিন রাজনৈতিক ও সামরিক নেতৃত্বের সঙ্গে আলোচনায় এ অবস্থান তুলে ধরা হয়েছে।
ইসরাইলি কর্মকর্তারা জানিয়েছেন, তারা ইরানের শাসন পরিবর্তনের মার্কিন প্রচেষ্টাকে সমর্থন করলেও বিদেশি সামরিক হামলা এককভাবে যথেষ্ট কার্যকর নাও হতে পারে—এ নিয়ে উদ্বেগ রয়েছে। বরং হামলার পরিবর্তে বিক্ষোভকারীদের সমর্থন, যোগাযোগ বিচ্ছিন্নতা মোকাবিলা, কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা, সাইবার আক্রমণ এবং নির্দিষ্ট জ্যেষ্ঠ নেতাদের লক্ষ্য করে পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
এক আরব কর্মকর্তার বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, এই মুহূর্তে প্রতিবেশী দেশগুলোর মধ্যে ইরানে মার্কিন হামলার পক্ষে তেমন সমর্থন নেই। অন্যদিকে, ইসরাইল বা যুক্তরাষ্ট্রের সরাসরি হামলা ইরানিদের আরও ঐক্যবদ্ধ করতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
উল্লেখ্য, গত ডিসেম্বর থেকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ইরানে বিক্ষোভ শুরু হয়, যা পরে সরকার পতনের আন্দোলনে রূপ নেয়। সরকারি হিসেবে, চলমান সহিংসতায় এখন পর্যন্ত দুই হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন।
আপনার মতামত লিখুন :