ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভ ও মার্কিন হামলার সম্ভাবনার মধ্যেই ভারতীয় নাগরিকদের সতর্ক করেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। তেহরানে অবস্থিত ভারতীয় দূতাবাস আজ বুধবার (১৪ জানুয়ারি) জরুরি বিবৃতিতে নাগরিকদের দ্রুত ইরান ত্যাগ করার পাশাপাশি নতুন করে দেশটি ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, ইরানে অবস্থানরত সকল ভারতীয় নাগরিক তাদের ভ্রমণ ও অভিবাসন নথি, পাসপোর্ট এবং পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে এবং দূতাবাসের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে হবে। বিক্ষোভ এলাকা এড়িয়ে চলা, স্থানীয় গণমাধ্যম পর্যবেক্ষণ এবং দূতাবাসের ওয়েবসাইটে থাকা তথ্য নজরে রাখা জরুরি। এছাড়া, ইরানে থাকা এবং দূতাবাসে নিবন্ধন না করা সকল ভারতীয় নাগরিককে দ্রুত নিবন্ধন করতে বলা হয়েছে।
ভারতীয় দূতাবাসের জরুরি যোগাযোগের হেল্পলাইন নম্বরও দেয়া হয়েছে। সেগুলি হল-৯৮৯১২৮১০৯১১৫; +৯৮৯১২৮১০৯১০৯; +৯৮৯১২৮১০৯১০২; +989932179359, ইমেল: cons.tehran@mea.gov.in
উল্লেখ্য, ইরানে গত ২৮ ডিসেম্বর শুরু হওয়া অর্থনৈতিক প্রতিবাদের বিক্ষোভ দেশজুড়ে ছড়িয়ে পড়েছে। ডলারের বিপরীতে রিয়ালের রেকর্ড দরপতন, উচ্চ মুদ্রাস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে শিক্ষার্থী, ব্যবসায়ী ও সাধারণ জনগণ সড়কে নেমেছে। দুই সপ্তাহেরও বেশি সময় ধরে বিক্ষোভ চলছেই এবং যুক্তরাষ্ট্রে এর সুযোগ নিয়ে সামরিক হস্তক্ষেপের হুমকি দিচ্ছে।
জবাবে ইরান সতর্ক করেছে, যদি যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালায়, তবে মধ্যপ্রাচ্যের দেশগুলোর মাটিতে থাকা মার্কিন সামরিক ঘাঁটিতে আঘাত হানা হবে।
আপনার মতামত লিখুন :