যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের পুনর্গঠনে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কাছে আগামী ১০ বছরে ৮০ হাজার কোটি ডলার সহায়তার দাবিকে ‘অবাস্তব’ আখ্যা দিয়েছেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, ‘টাকা গাছে ধরে না’, এবং ইউক্রেনকে অর্থায়নে হাঙ্গেরির সম্মতি নেই।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে অরবান বলেন, ইউক্রেনের এ দাবির অর্থ হাঙ্গেরির ওপরও অতিরিক্ত বোঝা চাপবে—যার পরিমাণ ৯০০ কোটি ডলারের বেশি। তিনি প্রশ্ন তোলেন, এই বিপুল অর্থ আসবে কোথা থেকে।
হাঙ্গেরি সরকার প্রকাশিত নথিতে জানানো হয়, ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে ইউক্রেনকে আর্থিক ও সামরিক সহায়তা হিসেবে ইতোমধ্যে ১৯ হাজার ৩৩০ কোটি ইউরো দেওয়া হয়েছে, যার একটি অংশ এসেছে জব্দ করা রুশ সম্পদের আয়ের মাধ্যমে। তুলনায় ২০০৪ থেকে ২০২৪ সাল পর্যন্ত ইইউ থেকে হাঙ্গেরির নিট সহায়তা ছিল ৭৩০ কোটি ইউরো।
নথিতে আরও উল্লেখ করা হয়, ইউক্রেনের জন্য ভবিষ্যতে ইইউ বাজেট থেকে বিপুল অর্থ বরাদ্দের পরিকল্পনা থাকলেও কিয়েভের তা পরিশোধের সক্ষমতা নেই। হাঙ্গেরির অবস্থান স্পষ্ট করে বলা হয়—দেশটি ইউক্রেনের জন্য সীমাহীন অর্থায়ন ও সামরিক সহায়তার বিরোধী এবং জনগণের ক্ষতির বিনিময়ে যুদ্ধ দীর্ঘায়িত করতে অর্থ দেবে না।
উল্লেখ্য, ইউক্রেন কর্তৃপক্ষ তাদের শান্তি পরিকল্পনার অংশ হিসেবে আগামী ১০ বছরে পুনর্গঠনের জন্য ৮০ হাজার কোটি ডলারের ‘বৈশ্বিক প্যাকেজ’ প্রস্তাব করেছে, যা ইতোমধ্যে যুক্তরাষ্ট্র ও পশ্চিম ইউরোপীয় নেতাদের সামনে উত্থাপন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :