দক্ষিণ ইসরাইলে ৪.২ মাত্রার ভূমিকম্প, ডেড সি এলাকায় সতর্কতা


আন্তর্জাতিক ডেস্ক প্রকাশের সময় : জানুয়ারী ১৫, ২০২৬, ৪:০৫ অপরাহ্ন

ইসরাইলের দক্ষিণাঞ্চলে বৃহস্পতিবার সকালে ৪.২ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। কম্পনের প্রভাব মধ্য ইসরাইল পর্যন্ত টের পাওয়া যায়। ভূমিকম্পের পরপরই ডেড সি (মৃত সাগর) অঞ্চলে সতর্কতা জারি করা হয়।

ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র (ইএমএসসি) জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল দক্ষিণাঞ্চলীয় শহর দিমোনার প্রায় ১৯ কিলোমিটার দূরে, ভূমিকম্পপ্রবণ ডেড সি রিফট ভ্যালি এলাকায়। স্থানীয় সময় সকাল ৯টার দিকে এই কম্পন অনুভূত হয়।

ইসরাইলের হোম ফ্রন্ট কমান্ড জানায়, ভূমিকম্পের ফলে তাদের স্বয়ংক্রিয় সতর্কতা ব্যবস্থা সক্রিয় হয়ে ডেড সি এলাকার বিভিন্ন স্থানে সতর্ক সংকেত বাজে। তবে জরুরি চিকিৎসা সংস্থা ম্যাগেন ডেভিড আদমের তথ্যমতে, এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

পরিস্থিতি পর্যবেক্ষণে পুলিশ কম্পন অনুভূত এলাকাগুলোতে ভবন ও জনসমাগমস্থল পরিদর্শনে সদস্য মোতায়েন করেছে।