খালেদা জিয়ার স্মরণে নাগরিক শোকসভা শুরু, সপরিবারে উপস্থিত তারেক রহমান


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : জানুয়ারী ১৬, ২০২৬, ৫:১৪ অপরাহ্ন

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নাগরিক শোকসভা শুরু হয়েছে। এতে সপরিবারে অংশ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার সঙ্গে উপস্থিত রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জায়মা রহমান।

শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেল ৩টা ৫ মিনিটে কোরআন তেলওয়াতের মাধ্যমে শোকসভার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। শোকগাথা উপস্থাপন করেন দৈনিক ইত্তেফাকের নির্বাহী সম্পাদক সালেহ উদ্দিন।

শোকসভায় কোনো রাজনৈতিক দলের নেতারা বক্তব্য দিচ্ছেন না। দেশের বিশিষ্ট নাগরিক, গবেষক, চিকিৎসক, শিক্ষক, ধর্মীয় প্রতিনিধি, পাহাড়ি জনগোষ্ঠীর প্রতিনিধি ও বিভিন্ন পেশাজীবী নেতারা শোকবক্তব্য প্রদান করছেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন সাবেক প্রধান বিচারপতি সৈয়দ জে. আর. মোদাচ্ছির হোসেন। উপস্থাপনায় রয়েছেন আশরাফ কায়সার ও কাজী জেসিন।

জুমার নামাজের পর থেকেই আমন্ত্রিত অতিথিরা সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রবেশ করতে থাকেন। এ সময় সংসদ ভবনের ৬ নম্বর গেটে উল্লেখযোগ্য ভিড় লক্ষ্য করা যায়।