গ্রিনল্যান্ড ইস্যুতে ট্রাম্পের শুল্ক হুমকি, ইউরোপকে রাশিয়ার কটাক্ষ


আন্তর্জাতিক ডেস্ক প্রকাশের সময় : জানুয়ারী ১৯, ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন

গ্রিনল্যান্ডকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক আরোপের ঘোষণার পর ইউরোপীয় দেশগুলোর উদ্দেশে তীব্র ব্যঙ্গ ও সতর্কবার্তা দিয়েছে রাশিয়া।

রাশিয়ার প্রেসিডেন্সিয়াল দূত ও রাশিয়ান ডাইরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ডের প্রধান কিরিল দিমিত্রিভ ইউরোপকে উদ্দেশ করে বলেন, ‘তাদের ড্যাডিকে উস্কে দেওয়া উচিত নয়।’

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে দিমিত্রিভ দাবি করেন, গ্রিনল্যান্ডে সেনা পাঠানোর মতো ‘বিপজ্জনক খেলায়’ জড়ানোর কারণেই যুক্তরাজ্য, ডেনমার্ক, ফ্রান্সসহ আটটি ইউরোপীয় দেশের ওপর ট্রাম্প নতুন করে শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছেন।

ঘোষণা অনুযায়ী, আগামী ১ ফেব্রুয়ারি থেকে এসব দেশের পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক কার্যকর হবে, যা জুনে বাড়িয়ে ২৫ শতাংশ করা হতে পারে। ট্রাম্প জানিয়েছেন, গ্রিনল্যান্ড কেনা সংক্রান্ত কোনো চুক্তি না হওয়া পর্যন্ত এই শুল্ক বহাল থাকবে।

গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ দাবি করে ট্রাম্প দীর্ঘদিন ধরেই দ্বীপটির নিয়ন্ত্রণ নেওয়ার আগ্রহ প্রকাশ করে আসছেন।

সূত্র: আনাদোলু