সীতাকুণ্ডে সন্ত্রাসী হামলায় র‌্যাব সদস্য নিহত, গুলিবিদ্ধ আরও ৩


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : জানুয়ারী ১৯, ২০২৬, ৯:৩৯ অপরাহ্ন

চট্টগ্রামের সীতাকুণ্ড থানার জঙ্গল সলিমপুর এলাকায় সন্ত্রাসীদের হামলায় র‌্যাবের এক কর্মকর্তা নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন র‌্যাব সদস্য আহত হয়েছেন।

সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যা ছয়টার দিকে অভিযানকালে এ হামলার ঘটনা ঘটে।

নিহত র‌্যাব কর্মকর্তার নাম মোতালেব। তিনি বিজিবি থেকে প্রেষণে র‌্যাব-৭–এ ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর (ডিএডি) হিসেবে কর্মরত ছিলেন। হামলায় গুরুতর আহত চারজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মোতালেবকে মৃত ঘোষণা করেন। অন্য তিনজন চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার পর জঙ্গল সলিমপুর এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।