বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়তে আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র— এমন তথ্য উঠে এসেছে মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট-এর এক প্রতিবেদনে।
প্রতিবেদনে বলা হয়, ঢাকায় অবস্থানরত এক মার্কিন কূটনীতিক নারী সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জানান, বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় ইসলামপন্থী দলগুলোর প্রভাব বাড়ছে এবং আসন্ন জাতীয় নির্বাচনে জামায়াত উল্লেখযোগ্য সংখ্যক আসন পেতে পারে। এ প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র জামায়াতের সঙ্গে সম্পর্ক রাখতে চায়।
ওই কূটনীতিক বলেন, জামায়াত ক্ষমতায় এলেও শরীয়াহ আইন কার্যকর করবে না। তবে শরীয়াহ আইন চালু হলে বাংলাদেশের পোশাক খাতে যুক্তরাষ্ট্র কঠোর বাণিজ্যিক ব্যবস্থা নেবে বলেও সতর্ক করেন তিনি। একই সঙ্গে হেফাজতে ইসলাম ও ইসলামি আন্দোলন বাংলাদেশের সঙ্গেও যোগাযোগের সম্ভাবনার কথা উল্লেখ করা হয়।
ঢাকার মার্কিন দূতাবাসের মুখপাত্র জানান, এটি ছিল নিয়মিত ও অনানুষ্ঠানিক আলোচনা, যা প্রকাশের উদ্দেশ্যে নয়। অপরদিকে জামায়াতের মুখপাত্র জানান, ২০২৪ সালে রাজনৈতিক পরিবর্তনের পর যুক্তরাষ্ট্রের সঙ্গে একাধিক বৈঠক হয়েছে।
বিশ্লেষকদের মতে, জামায়াতের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক বাড়লে ভারত–যুক্তরাষ্ট্র সম্পর্কে নতুন মাত্রার টানাপোড়েন সৃষ্টি হতে পারে। সূত্র: ওয়াশিংটন পোস্ট
আপনার মতামত লিখুন :