ট্রাম্পকে ইরানের কড়া হুঁশিয়ারি, ‘আঙুল ট্রিগারে আছে’


আন্তর্জাতিক ডেস্ক প্রকাশের সময় : জানুয়ারী ২৩, ২০২৬, ৪:৪৪ অপরাহ্ন

ইরানের শীর্ষ সামরিক কমান্ডার জেনারেল মোহম্মদ পাকপৌর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কঠোর সতর্কবার্তা দিয়েছেন। তিনি বলেছেন, সংলাপের কথা বলে আবার ইরানে সামরিক হামলার পথে গেলে যুক্তরাষ্ট্র ও তার মিত্র ইসরায়েলকে ‘যন্ত্রণাদায়ক ও মর্মান্তিক’ পরিণতি ভোগ করতে হবে।

বৃহস্পতিবার এক লিখিত বিবৃতিতে ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) প্রধান পাকপৌর বলেন, ইরানের সশস্ত্র বাহিনী আগের যেকোনো সময়ের চেয়ে বেশি প্রস্তুত এবং তাদের ‘আঙুল বন্দুকের ট্রিগারে’ রয়েছে। তিনি গত বছর জুনে ১২ দিনব্যাপী সংঘাতের অভিজ্ঞতা স্মরণ করিয়ে দিয়ে বলেন, সেই শিক্ষা ভুলে গেলে এর মূল্য দিতে হবে।

এই হুঁশিয়ারি আসে দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে ট্রাম্পের বক্তব্যের কয়েক ঘণ্টার মধ্যেই। সেখানে ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়ে তাদের পরমাণু অস্ত্র তৈরির প্রচেষ্টা ঠেকিয়েছে। তবে তিনি বলেন, ইরান এখন সংলাপে আগ্রহী এবং যুক্তরাষ্ট্রও আলোচনায় বসবে— কিন্তু ইরানকে কখনোই পরমাণু অস্ত্র তৈরি করতে দেওয়া হবে না।

গত বছরের হামলায় ইরানের পারমাণবিক স্থাপনার পাশাপাশি কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা ও বিজ্ঞানী নিহত হন। সেই ঘটনার পর থেকেই তেহরান ও ওয়াশিংটনের সম্পর্ক তীব্র উত্তেজনার মধ্যে রয়েছে। দাভোস থেকে ফেরার পথে ট্রাম্প আরও জানান, ইরানকে নজরদারিতে রাখতে দেশটির উপকূলে যুদ্ধজাহাজ মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র।