গ্রিনল্যান্ডে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত ‘গোল্ডেন ডোম’ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপনের বিরোধিতা করায় কানাডার বিরুদ্ধে কড়া ভাষায় আক্রমণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তিনি অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্রের নিরাপত্তা উদ্যোগে সহযোগিতা না করে কানাডা চীনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক গভীর করছে—যার পরিণতিতে দেশটি ভবিষ্যতে চীনের প্রভাবের মধ্যে পড়তে পারে।
শুক্রবার (২৩ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, গ্রিনল্যান্ডে গোল্ডেন ডোম স্থাপন হলে তা কানাডাকেও সুরক্ষা দিত। কিন্তু কানাডা সেই উদ্যোগের বিরোধিতা করে চীনের সঙ্গে ব্যবসার পথ বেছে নিয়েছে। তাঁর ভাষায়, “যারা এক বছরের মধ্যে কানাডাকে গিলে খাবে।”
দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফেরার পর থেকেই ট্রাম্প কানাডার নেতৃত্বের সমালোচনা করে আসছেন। সম্প্রতি কানাডা ও চীনের মধ্যে একটি বাণিজ্য চুক্তি সই হয়েছে, যার আওতায় কিছু পণ্যে শুল্ক কমানো হয়েছে। প্রধানমন্ত্রী মার্ক কার্নের বেইজিং সফরের পরই ট্রাম্পের এই মন্তব্য আসে।
যদিও কানাডার সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার যুক্তরাষ্ট্রই, চীনের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনের চেষ্টাকে ঘিরে ওয়াশিংটন–অটোয়ার টানাপোড়েন বাড়ছে। এর আগে বিশ্ব অর্থনৈতিক সম্মেলনে ট্রাম্প দাবি করেছিলেন, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ছাতার সুবিধা কানাডা “বিনামূল্যে” ভোগ করে। তবে কানাডার প্রধানমন্ত্রী সে বক্তব্য প্রত্যাখ্যান করে বলেন, “কানাডা নিজের শক্তিতেই সফল।”
আপনার মতামত লিখুন :