ইরানে যুক্তরাষ্ট্রের হামলার আশঙ্কা, মধ্যপ্রাচ্যে ফ্লাইট স্থগিত


আন্তর্জাতিক ডেস্ক প্রকাশের সময় : জানুয়ারী ২৪, ২০২৬, ৭:১৭ অপরাহ্ন

ইরানে সম্ভাব্য মার্কিন সামরিক অভিযানের আশঙ্কায় মধ্যপ্রাচ্যে ফ্লাইট চলাচল সাময়িকভাবে স্থগিত করেছে এয়ার ফ্রান্স, কেএলএমসহ একাধিক আন্তর্জাতিক বিমান সংস্থা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের দিকে “বিশাল নৌবহর” এগিয়ে যাওয়ার কথা বলার পরই এ অঞ্চলে উদ্বেগ তীব্র হয়েছে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, নেদারল্যান্ডসের বিমান সংস্থা কেএলএম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইসরাইল, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবের বিভিন্ন শহরে ফ্লাইট বন্ধ রেখেছে। একই সঙ্গে ইরাক, ইরান ও উপসাগরীয় অঞ্চলের কয়েকটি দেশের আকাশসীমা ব্যবহার না করার সিদ্ধান্তও নিয়েছে সংস্থাটি।

এয়ার ফ্রান্স শুক্রবার এক বিবৃতিতে জানায়, মধ্যপ্রাচ্যের বর্তমান নিরাপত্তা পরিস্থিতির কারণে দুবাইগামী ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে বলেও উল্লেখ করে সংস্থাটি।

এদিকে যুক্তরাষ্ট্রের সামরিক প্রস্তুতি নিয়ে বক্তব্য দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। বিশ্ব অর্থনৈতিক ফোরাম শেষে সাংবাদিকদের তিনি বলেন, ইরানের ওপর চাপ বজায় রাখতে যুক্তরাষ্ট্র একটি “আর্মাডা” মোতায়েন করছে। মার্কিন গণমাধ্যমের খবরে জানা গেছে, বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকনকে মধ্যপ্রাচ্যে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

ট্রাম্প বলেন, “আমি চাই না কিছু ঘটুক। কিন্তু আমরা পরিস্থিতি খুব কাছ থেকে পর্যবেক্ষণ করছি।”

উদ্ভূত পরিস্থিতিতে বিমান চলাচল ও আঞ্চলিক নিরাপত্তা নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।