টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু নিরাপত্তা শঙ্কায় ভারত থেকে সরানোর অনুরোধ প্রত্যাখ্যাত হওয়ার পরও নিজেদের অবস্থানে অনড় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আইসিসির সিদ্ধান্তের বিরুদ্ধে বিসিবি স্বাধীন বিরোধ নিষ্পত্তিকরণ কমিটি (ডিআরসি)-তে আপিল করলেও তা শুনানির যোগ্য নয় বলে জানানো হয়েছে—কারণ আইসিসি বোর্ডের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার এখতিয়ার ডিআরসির নেই।
শেষ বিকল্প হিসেবে বিসিবি সুইজারল্যান্ডের কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টসে (সিএএস) যাওয়ার কথা ভাবছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। তবে এর মধ্যেই আইসিসির ভেতরে ক্ষোভ তৈরি হয়েছে। ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই জানায়, বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সংবাদ সম্মেলন নিয়ে আইসিসি বোর্ড সদস্যরা অসন্তুষ্ট—আইসিসিকে আনুষ্ঠানিকভাবে না জানিয়ে সিদ্ধান্ত প্রকাশ করাকে তারা শিষ্টাচারবিরোধী হিসেবে দেখছেন।
এ প্রেক্ষাপটে বাংলাদেশের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের ইঙ্গিতও মিলছে। পিটিআইয়ের তথ্য অনুযায়ী, আইসিসি চেয়ারম্যান জয় শাহ দুবাইয়ে পৌঁছেছেন এবং শনিবার বাংলাদেশের বদলে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্তির ঘোষণা আসতে পারে।
এর আগে আইসিসি বাংলাদেশকে সিদ্ধান্ত পুনর্বিবেচনায় ২৪ ঘণ্টা সময় দিলেও ক্রিকেটারদের সঙ্গে বৈঠকের পর যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বিসিবির অবস্থান অপরিবর্তিত থাকার কথা জানান। পরিস্থিতি এখন আন্তর্জাতিক ক্রিকেট রাজনীতির এক সংবেদনশীল মোড়ে দাঁড়িয়ে।
আপনার মতামত লিখুন :