‘১৫ মিনিটে আত্মসমর্পণ, নইলে মৃত্যু’


আন্তর্জাতিক ডেস্ক প্রকাশের সময় : জানুয়ারী ২৫, ২০২৬, ২:০৩ অপরাহ্ন

ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ এক ফাঁস হওয়া ভিডিওতে দাবি করেছেন, সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার সময় মার্কিন বাহিনী তার মন্ত্রিসভার সদস্যদের মাত্র ১৫ মিনিটের আল্টিমেটাম দিয়েছিল—আত্মসমর্পণ অথবা মৃত্যু।

দুই ঘণ্টাব্যাপী ওই ভিডিওটি, যা সাংবাদিক গোষ্ঠী লা হোরা দে ভেনেজুয়েলা প্রকাশ করেছে, ধারণ করা হয় মাদুরো অপসারিত হওয়ার সাত দিন পর একটি গোপন বৈঠকে। সেখানে রদ্রিগেজ বলেন, প্রথম মুহূর্ত থেকেই তাকে, তার ভাই হোর্হে রদ্রিগেজ এবং স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো কাবেয়োকে সরাসরি হত্যার হুমকি দেওয়া হয়। এমনকি শুরুতে মার্কিন বাহিনী তাদের জানায়, মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে হত্যা করা হয়েছে।

রদ্রিগেজের ভাষায়, সেই পরিস্থিতিতে তারা নিজেরাও মৃত্যুর জন্য প্রস্তুত ছিলেন। তবে মাদুরোর পতনের পর ভেনেজুয়েলার বর্তমান সরকার প্রকাশ্যে যুক্তরাষ্ট্রের সমালোচনা করলেও বাস্তবে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের প্রায় সব দাবিই মেনে চলছে।

তিনি বলেন, সরকারের মূল লক্ষ্য এখন শান্তি বজায় রাখা, জিম্মিদের উদ্ধার এবং ক্ষমতার কাঠামো ধরে রাখা। ট্রাম্পের সঙ্গে সহযোগিতা ছিল ‘ইচ্ছার ফল নয়’, বরং ‘ধ্রুবক হুমকি ও ব্ল্যাকমেইল’ থেকে বাঁচার কৌশল।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে রদ্রিগেজের নেতৃত্বের প্রশংসা করেছেন এবং ভেনেজুয়েলার তেল খাতে যুক্তরাষ্ট্রের প্রবেশাধিকার পেলে আমেরিকা আরও সমৃদ্ধ হবে বলে মন্তব্য করেছেন। তবে একই সঙ্গে তিনি সতর্ক করে দিয়েছেন—রদ্রিগেজ ‘সঠিক পথে’ না চললে তাকে মাদুরোর চেয়েও বড় মূল্য দিতে হবে।

এই বয়ান নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন বিশ্লেষকেরা। রাজনৈতিক ইতিহাসবিদ মার্গারিটা লোপেজ মায়ার মতে, ভেনেজুয়েলার অভ্যন্তরীণ শক্তির সহযোগিতা ছাড়া মাদুরোকে অপসারণ সম্ভব ছিল না। তার ভাষায়, রদ্রিগেজ হয়তো নিজেকে নির্দোষ ও দেশপ্রেমিক হিসেবে উপস্থাপন করতেই এই নাটকীয় বিবরণ সামনে আনছেন।

বর্তমানে ভেনেজুয়েলার শাসনব্যবস্থা কার্যত মার্কিন নির্দেশনার ওপর নির্ভরশীল—এমন ধারণা দেশটির সার্বভৌমত্ব নিয়ে নতুন প্রশ্ন তুলেছে। ট্রাম্পের প্রশংসা আর রদ্রিগেজের হুমকির অভিযোগের মাঝখানে দাঁড়িয়ে ভেনেজুয়েলার ভবিষ্যৎ এখন গভীর অনিশ্চয়তার মুখে।

সূত্র: এনডিটিভি