উর্মিলা শ্রাবন্তী করসহ তিনজনের সম্পদ বিবরণী তলবের সিদ্ধান্ত দুদকের


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : জানুয়ারী ২৫, ২০২৬, ১১:০২ অপরাহ্ন

টেলিভিশন অভিনেত্রী উর্মিলা শ্রাবন্তী কর এবং বিজ্ঞাপন খাতের দুই শীর্ষ উদ্যোক্তার বিরুদ্ধে সম্পদ ও দায়-দেনার হিসাব দাখিলের নির্দেশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার কমিশনের প্রধান কার্যালয়ে এ সিদ্ধান্ত হয়।

দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম জানান, আলফা আই স্টুডিওর সহ-প্রতিষ্ঠাতা ও এসভিএফ–আলফা আই প্রোডাকশনের মালিক শাহরিয়ার করিম ভূঁইয়া, গ্রে অ্যাডভারটাইজিং বাংলাদেশ লিমিটেডের (বর্তমানে ট্রান্সকম গ্রুপের বিজ্ঞাপন সংস্থা ‘ডট বার্থ’) মালিক সৈয়দ গাউসুল আলম এবং অভিনেত্রী উর্মিলা শ্রাবন্তী করকে কমিশনের নির্ধারিত ছক অনুযায়ী সম্পদের বিবরণী জমা দিতে বলা হবে।

দুদক আইন, ২০০৪-এর ২৬(১) ধারায় এই নির্দেশ জারির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিগগিরই সংশ্লিষ্টদের কাছে আনুষ্ঠানিক নোটিশ পাঠানো হবে বলে জানায় কমিশন।