গার্মেন্টস খাতে দীর্ঘদিনের মন্দা ও জনবল সংকোচনের মধ্যে পড়েছেন অভিনেতা ও প্রযোজক অনন্ত জলিল। সাভারে একসময় প্রায় ১২ হাজার কর্মী নিয়ে পরিচালিত তাঁর কারখানায় বর্তমানে কর্মীসংখ্যা নেমে এসেছে প্রায় ৪ হাজারে।
এই বাস্তবতায় ব্যবসা পুনরুদ্ধারই এখন তাঁর একমাত্র অগ্রাধিকার—আর সে কারণেই আপাতত চলচ্চিত্র থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
অনন্ত জলিল বলেন, ব্যবসার অবস্থা এতটাই চাপে যে অভিনয় বা প্রযোজনায় মনোযোগ দেওয়ার সুযোগ নেই। এমনকি চলমান বা পরিকল্পিত প্রকল্পগুলোও থমকে আছে। “আমি মূলত ব্যবসার মানুষ,” তিনি বলেন। “ব্যবসা স্থিতিশীল না হওয়া পর্যন্ত সিনেমায় ফেরা যুক্তিযুক্ত নয়।”
২০০৮ সালে প্রযোজনা ও অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে যাত্রা শুরু করা অনন্ত জলিলের ছবিগুলোতে নিয়মিত ছিলেন তাঁর স্ত্রী বর্ষা। এ বিষয়ে তিনি বলেন, ভবিষ্যতে সিনেমায় ফিরলে দু’জন একসঙ্গেই ফিরবেন—না হলে কেউই নয়। “সিনেমা আমাদের পেশা নয়, শখ,” যোগ করেন তিনি।
বর্তমানে ‘নেত্রী দ্য লিডার’ ও ‘অপারেশন জ্যাকপট’ শুটিং পর্যায়ে ছিল। জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে মাসুদ রানা সিরিজের ‘চিতা’র মহরত হলেও শুটিং শুরু হয়নি। এসব প্রকল্পের ভবিষ্যৎ প্রসঙ্গে অনন্ত জলিলের বক্তব্য সংক্ষিপ্ত: “সময় ভালো হলে কাজ হবে, না হলে নয়।”
ব্যবসায়িক সংকট কাটিয়ে ওঠার চেষ্টায় আপাতত তাঁর সব মনোযোগ গার্মেন্টস খাতেই—সিনেমা অপেক্ষায়।
আপনার মতামত লিখুন :