টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ফেরার সম্ভাবনা, সিদ্ধান্ত ঝুলছে পাকিস্তানের ওপর


খেলাধুলা ডেস্ক প্রকাশের সময় : জানুয়ারী ২৭, ২০২৬, ১২:২১ অপরাহ্ন

আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে অনিশ্চয়তার আবর্তে নতুন করে আলোচনায় এসেছে বাংলাদেশের নাম। নিরাপত্তা উদ্বেগের কারণে ভারতে খেলতে অস্বীকৃতি জানানোয় গত সপ্তাহে বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে বাদ দেওয়া হয় এবং তাদের জায়গায় স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে আইসিসি।

তবে সাম্প্রতিক পরিস্থিতিতে সেই সিদ্ধান্ত আবারও পুনর্বিবেচনার ইঙ্গিত মিলছে।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানায়, পাকিস্তান যদি বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয়, তাহলে বাংলাদেশকে তাদের স্থলাভিষিক্ত করার বিষয়টি বিবেচনা করছে আইসিসি। প্রতিবেদনে আইসিসির এক কর্মকর্তার বরাতে বলা হয়, সে ক্ষেত্রে বাংলাদেশকে ‘এ’ গ্রুপে অন্তর্ভুক্ত করা হতে পারে এবং বিসিবির প্রস্তাব অনুযায়ী দলটি শ্রীলঙ্কায় নিজেদের সব ম্যাচ খেলতে পারে—যা নিরাপত্তা ও লজিস্টিক ব্যবস্থাপনায় তুলনামূলকভাবে সহজ হবে।

এই সম্ভাবনার কারণে এখন পাকিস্তানের অবস্থানের দিকেই তাকিয়ে রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিসিবি সূত্র জানায়, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনে নিজেদের অবস্থান নতুন করে পর্যালোচনা করা হবে।

অন্যদিকে, পাকিস্তানের জন্যও সিদ্ধান্তটি ঝুঁকিপূর্ণ। আইসিসি ইতোমধ্যে ইঙ্গিত দিয়েছে, বিশ্বকাপ বর্জনের সিদ্ধান্ত নিলে শুধু এই টুর্নামেন্ট নয়, ভবিষ্যতের এশিয়া কাপ থেকেও বাদ পড়ার আশঙ্কা রয়েছে।

সব মিলিয়ে, টি–টোয়েন্টি বিশ্বকাপের আগে কূটনৈতিক ও ক্রীড়ানীতিগত টানাপোড়েনের মধ্যে বাংলাদেশের বিশ্বকাপ ভাগ্য এখনো পুরোপুরি নির্ধারিত হয়নি।