ঢাকা–৮ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর আবারও ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুরে রাজধানীর শান্তিনগরে হাবিবুল্লাহ বাহার ইউনিভার্সিটি কলেজে আয়োজিত একটি পিঠা উৎসবে আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দিতে গেলে এ হামলার ঘটনা ঘটে।
এ ঘটনায় নাসীরুদ্দীন পাটওয়ারী ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বিএনপির প্রার্থী মির্জা আব্বাস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। নাহিদ ইসলাম দাবি করেন, পরিকল্পিতভাবে কলেজের ‘চিহ্নিত সন্ত্রাসীরা’ এ হামলা চালিয়েছে এবং এর পেছনে বিএনপির নির্দেশ রয়েছে।
দলের নির্বাচনী মিডিয়া উপকমিটির প্রধান মাহাবুব আলম জানান, অনুষ্ঠানস্থলে উত্তেজনা সৃষ্টি হলে একদল ব্যক্তি নাসীরুদ্দীন পাটওয়ারীকে ঘিরে ধরে ‘ভুয়া’ স্লোগান দেয় এবং একের পর এক ডিম নিক্ষেপ করে। পরে তিনি কলেজ প্রাঙ্গণ ত্যাগ করে বাইরে অবস্থান নেন।
রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রাহাৎ খান বলেন, পুলিশ ঘটনাস্থলে উপস্থিত ছিল এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেছে।
উল্লেখ্য, এর তিন দিন আগেও সিদ্ধেশ্বরীতে নাসীরুদ্দীন পাটওয়ারীর নির্বাচনী প্রচারে ডিম ও ময়লা পানি নিক্ষেপের ঘটনা ঘটে। সর্বশেষ হামলার প্রতিবাদে ফকিরাপুলে সংবাদ সম্মেলন করে এনসিপি, যেখানে তারা হামলার বিচার ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানায়।
আপনার মতামত লিখুন :