ইরানি মুদ্রায় নজিরবিহীন দরপতন, ডলারে রেকর্ড ১৫ লাখ রিয়াল


আন্তর্জাতিক ডেস্ক প্রকাশের সময় : জানুয়ারী ২৯, ২০২৬, ১২:১১ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ইরানের জাতীয় মুদ্রা রিয়ালে রেকর্ড দরপতন হয়েছে। মঙ্গলবার এক মার্কিন ডলারের বিপরীতে রিয়ালের মূল্য নেমে দাঁড়িয়েছে ১৫ লাখে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গত এক মাসেই রিয়ালের মান প্রায় পাঁচ শতাংশ কমেছে।

বিশ্লেষকরা এ দরপতনকে নজিরবিহীন হিসেবে আখ্যায়িত করেছেন। যদিও ইরানের কেন্দ্রীয় ব্যাংকের নবনিযুক্ত গভর্নর দাবি করেছেন, বৈদেশিক মুদ্রাবাজার স্বাভাবিক নিয়মেই চলছে। তবে সরকারবিরোধী বিক্ষোভ দমন, রাজনৈতিক অনিশ্চয়তা এবং যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক হামলার আশঙ্কায় বিনিয়োগকারীদের আস্থা কমে যাওয়াকেই পতনের প্রধান কারণ হিসেবে দেখা হচ্ছে।

এরই মধ্যে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন মধ্যপ্রাচ্যের জলসীমায় প্রবেশ করায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়েছে। বিশ্লেষকদের আশঙ্কা, সামরিক উত্তেজনা বাড়লে ইরানের অর্থনীতির ওপর চাপ আরও তীব্র হতে পারে।