পারমাণবিক চুক্তি ইস্যুতে ইরানকে আবারও কড়া বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, চুক্তিতে পৌঁছানোর জন্য ‘সময় দ্রুত ফুরিয়ে আসছে’।
উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের নৌ ও সামরিক উপস্থিতি বাড়ানোর মধ্যেই এ সতর্কতা দেওয়া হলো, যা ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা আরও বাড়িয়েছে।
ট্রাম্প এক বক্তব্যে জানান, একটি ‘বিশাল’ মার্কিন নৌবহর দ্রুতগতিতে ও শক্তিশালী উদ্দেশ্য নিয়ে ইরানের দিকে অগ্রসর হচ্ছে। এর জবাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেন, যেকোনো স্থল বা সমুদ্রপথে আগ্রাসনের জবাব দিতে ইরানের সশস্ত্র বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।
যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা দীর্ঘদিন ধরে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসলেও তেহরান বরাবরের মতোই তা শান্তিপূর্ণ বলে দাবি করেছে। চলতি মাসে ইরানে বিক্ষোভ দমনের ঘটনায় যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের হুমকির পর থেকেই দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়।
ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে ইরানকে আলোচনার টেবিলে ফেরার আহ্বান জানিয়ে বলেন, পারমাণবিক অস্ত্রমুক্ত একটি ‘ন্যায্য ও ন্যায়সঙ্গত’ চুক্তিই যুক্তরাষ্ট্রের লক্ষ্য। অন্যদিকে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ জানিয়েছেন, তেহরান আলোচনায় প্রস্তুত থাকলেও তা হতে হবে ‘প্রকৃত ও পারস্পরিক সম্মানভিত্তিক’।
আপনার মতামত লিখুন :