বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার সন্ধ্যায় রংপুরে যাওয়ার পথে পীরগঞ্জে শহীদ আবু সাঈদের গ্রামের বাড়িতে গিয়ে তিনি কবর জিয়ারত করেন।
কবর জিয়ারত শেষে তারেক রহমান শহীদ আবু সাঈদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তার ত্যাগ ও সাহসের প্রতি গভীর শ্রদ্ধা জানান। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি তাদের খোঁজখবর নেন ও সান্ত্বনা দেন। এ সময় শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন ছেলে হত্যার বিচার দাবি করেন।
এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিএনপির নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে বগুড়া থেকে রংপুরে যাত্রাপথে বিভিন্ন পথসভায় বক্তব্য দেন তারেক রহমান। কবর জিয়ারত শেষে তিনি রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে বিএনপি আয়োজিত বিভাগীয় জনসভায় যোগ দেন।
উল্লেখ্য, ২০২৪ সালের ১৬ জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে শহীদ হন আবু সাঈদ। তিনি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী ও আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন।
আপনার মতামত লিখুন :