বাংলাদেশ ইস্যুর মাঝেই নতুন করে বিতর্কে জড়াল আইসিসি


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : জানুয়ারী ৩১, ২০২৬, ৫:৩৫ অপরাহ্ন

বাংলাদেশ ইস্যুতে সমালোচনার রেশ কাটতে না কাটতেই খেলোয়াড়দের সঙ্গে নতুন করে বিরোধে জড়াল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর প্রাক্কালে খেলোয়াড়দের নাম, ছবি ও পরিচিতি ব্যবহারের শর্ত নিয়ে আইসিসির বিরুদ্ধে আপত্তি তুলেছে ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন (ডব্লিউসিএ)।

ডব্লিউসিএর অভিযোগ, বিশ্বকাপের জন্য আইসিসির পাঠানো ‘স্কোয়াড পার্টিসিপেশন টার্মস’ ২০২৪ সালে উভয় পক্ষের মধ্যে স্বাক্ষরিত চুক্তির সঙ্গে সাংঘর্ষিক এবং খেলোয়াড়দের জন্য শোষণমূলক। যদিও আইসিসি বলছে, আগের চুক্তি সব দলের ক্ষেত্রে প্রযোজ্য নয়। তবে ডব্লিউসিএ দাবি করেছে, চুক্তিটি সব খেলোয়াড়ের অধিকার সুরক্ষার নিশ্চয়তা দেয়।

নতুন শর্তে খেলোয়াড়দের বাণিজ্যিক অধিকার, মিডিয়া উপস্থিতি, বায়োমেট্রিক ডেটা ও লাইসেন্সিং ইস্যু নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করেছে সংগঠনটি। বিশ্বকাপের আগে এ দ্বন্দ্ব আইসিসির জন্য নতুন চাপে পরিণত হয়েছে।