২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেওয়ার অনুমোদন পেলেও চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান সরকার। এক বিবৃতিতে জানানো হয়েছে, পাকিস্তান দল বিশ্বকাপে অংশ নেবে, তবে ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচে তারা মাঠে নামবে না।
পাকিস্তানি সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়, নিরাপত্তা ও নীতিগত অবস্থানের কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে আইসিসির বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুলে পাকিস্তান ক্রিকেট বোর্ড জানায়, বাংলাদেশ ইস্যুতে অন্যায্য আচরণ করা হয়েছে এবং সে কারণেই সরকারের অনুমোদন প্রয়োজন ছিল।
বাংলাদেশের নিরাপত্তা উদ্বেগ, আইপিএলে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া এবং আইসিসির ভোটাভুটিতে বাংলাদেশের পরাজয়—এই বিষয়গুলো সিদ্ধান্তের পেছনে প্রভাব ফেলেছে বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, ওই ভোটাভুটিতে পাকিস্তানই বাংলাদেশের পক্ষে একমাত্র সমর্থন দিয়েছিল।
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে অনুষ্ঠিত হবে। পাকিস্তান দল তাদের সব ম্যাচ শ্রীলঙ্কায় খেলবে এবং উদ্বোধনী ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে।
আপনার মতামত লিখুন :