জাপানে টানা ভারী তুষারপাতের ফলে গত দুই সপ্তাহে অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে। দেশটির সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
নিহতদের মধ্যে একজন ৯১ বছর বয়সী বৃদ্ধা রয়েছেন, যাঁর মরদেহ নিজ বাড়ির সামনে প্রায় তিন মিটার উঁচু তুষারের নিচে পাওয়া যায়। কর্তৃপক্ষের ধারণা, বাড়ির ছাদ থেকে পড়া তুষারের চাপেই তাঁর মৃত্যু হয়েছে।
সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত উত্তরাঞ্চলীয় আওমোরি অঞ্চল, যেখানে তুষারের স্তূপ কিছু এলাকায় সাড়ে চার মিটার ছাড়িয়েছে। উদ্ধার ও তুষার অপসারণে সহায়তার জন্য সেখানে সেনাবাহিনী মোতায়েন করেছে কেন্দ্রীয় সরকার।
পরিস্থিতি মোকাবিলায় মঙ্গলবার প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি জরুরি মন্ত্রিসভার বৈঠক ডেকে দুর্ঘটনা ও প্রাণহানি রোধে সর্বোচ্চ সতর্কতা ও দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
ফায়ার অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট এজেন্সি জানিয়েছে, জাপান সাগর উপকূলে শক্তিশালী শীতল বায়ুপ্রবাহের কারণে স্বাভাবিকের তুলনায় দ্বিগুণ তুষার জমেছে। স্থানীয় কর্তৃপক্ষ ভবন ধস ও ছাদ থেকে বরফ পড়ার ঝুঁকির কথা উল্লেখ করে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।
আপনার মতামত লিখুন :