বিমানবন্দরের রানওয়েতে দুই বিমানের ডানা সংঘর্ষ, তদন্ত শুরু


আন্তর্জাতিক ডেস্ক প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৫, ২০২৬, ৯:২৩ অপরাহ্ন

মুম্বাইয়ের ব্যস্ত বিমানবন্দরের রানওয়েতে বৃহস্পতিবার দুই যাত্রীবাহী বিমানের ডানায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। ডিরেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন (ডিজিসিএ) জানিয়েছে, এয়ার ইন্ডিয়ার ফ্লাইট এআই–২৭৩২ এবং ইন্ডিগোর ফ্লাইট ৬ই–৭৯১—উভয়ই এয়ারবাস এ৩২০—এই দুর্ঘটনায় জড়িত।

ঘটনাটি ঘটে যখন হায়দরাবাদ থেকে আসা ইন্ডিগোর বিমানটি রানওয়েতে ঘোরার সময় কোয়েম্বাটুরগামী এয়ার ইন্ডিয়ার বিমানের সঙ্গে ডানার ধাক্কা লাগে। এতে দুই বিমানের ধাতব অংশ ক্ষতিগ্রস্ত হয়।

দুর্ঘটনার পরপরই উভয় বিমানকে পার্কিং বেতে নেওয়া হয়। ইন্ডিগো জানায়, সব যাত্রী নিরাপদে নামানো হয়েছে এবং বিমানটি রক্ষণাবেক্ষণ পরিদর্শনে রয়েছে। এয়ার ইন্ডিয়া জানিয়েছে, সতর্কতামূলক কারিগরি পরীক্ষার জন্য তাদের বিমানটি সাময়িকভাবে গ্রাউন্ডেড করা হয়েছে এবং যাত্রীদের গন্তব্যে পৌঁছাতে বিকল্প ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ঘটনার কারণ নির্ধারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।