গত রাতে সাড়ে চার ঘণ্টার ব্যবধানে ভারতের সিকিমে একের পর এক ১৩টি ভূমিকম্প আঘাত হানে, যার কম্পন অনুভূত হয় বাংলাদেশের উত্তরাঞ্চলেও। ধারাবাহিক এই ভূমিকম্পে সিকিমজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে; পর্যটক ও স্থানীয় বাসিন্দারা মাঝরাতে ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নেন।
ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী, রাত দেড়টার দিকে (ভারতীয় সময়) সিকিমের গেলসিং এলাকায় ৪.৫ মাত্রার প্রধান ভূমিকম্পটি রেকর্ড করা হয়। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে। এর পরপরই মঙ্গন ও নামচিসহ বিভিন্ন এলাকায় একাধিক আফটারশক অনুভূত হয়। গ্যাংটকে ৩.১ মাত্রার একটি কম্পনও ধরা পড়ে।
এই কম্পনের প্রভাব পড়ে বাংলাদেশেও। বৃহস্পতিবার দিবাগত রাত ১টা ৪০ মিনিটের দিকে ঠাকুরগাঁও ও দিনাজপুরের বিভিন্ন এলাকায় মানুষ ঘুম ভেঙে আতঙ্কে ঘর থেকে বেরিয়ে আসেন। স্থানীয়রা জানান, কয়েক সেকেন্ডের জন্য ঘরবাড়ি ও আসবাব কেঁপে ওঠে। তবে কোথাও হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ভারত ও বাংলাদেশের উভয় দেশেই কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে।
আপনার মতামত লিখুন :