জাবের গুলিবিদ্ধ, ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৬, ২০২৬, ৬:১৯ অপরাহ্ন

শহীদ হাদি হত্যাকাণ্ডের তদন্ত জাতিসংঘের অধীনে নেওয়ার দাবিতে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান কর্মসূচি চলাকালে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। শুক্রবার বিকেলে পরিস্থিতি উত্তপ্ত হলে পুলিশ সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল, জলকামান ও লাঠিচার্জ ব্যবহার করে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়।

ইনকিলাব মঞ্চ জানায়, অভিযানের সময় সংগঠনের সচিব আবদুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হয়েছেন। একই সঙ্গে তারা অভিযোগ করে, ডাকসু নেত্রী ফাতেমা তাসনিম জুমাকে পুলিশ বুট দিয়ে আঘাত করেছে। এসব দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একাধিক পোস্টে তুলে ধরা হয়।

টানা দ্বিতীয় দিনের মতো চলা এই কর্মসূচিতে অংশ নেন শহীদ হাদির স্ত্রী রাবেয়া ইসলাম শম্পাসহ সংগঠনের নেতারা। ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে বলা হয়েছে, জাতিসংঘের অধীনে তদন্তের বিষয়ে সরকারের আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে এবং শুক্রবারের মধ্যেই জাতিসংঘে চিঠি পাঠানোর দাবি জানানো হয়েছে।