নিরবেই চলে গেলেন

‘দুই ভুবনের দুই বাসিন্দা বন্ধু চিরকাল’ গানের সুরকার মো. শাহনেওয়াজ


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৭, ২০২৬, ৭:২২ অপরাহ্ন

‘দুই ভুবনের দুই বাসিন্দা’সহ অসংখ্য শ্রোতাপ্রিয় গানের সুরকার ও সংগীত পরিচালক কানাডা প্রবাসী মো. শাহনেওয়াজ নিরবেই পৃথিবীর মায়া ত্যাগ করেছেন। (ইন্নালিল্লাহে ওয়াইন্না ইলাইহে রাজিউন)।

আজ (৭ ফেব্রুয়ারি) কানাডাতে বাংলাদেশ সময় মো. শাহনেওয়াজ দুপুর আড়াইটার দিকে শেষ নিশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন বাংলাদেশ বেতারের সুরকার ও সংগীত পরিচালক রুমন হায়াৎ। রুমন হায়াৎকে বাংলাদেশের শ্রোতাদের জন্য দুঃসংবাদটি জানিয়েছেন তাঁরই ছেলে মহিউদ্দিন নেওয়াজ স্বাধীন। এই খবরে সঙ্গীতাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। মো. শাহনেওয়াজের

মতো একজন্য বরেণ্য সংগীত পরিচালক ও সুরকারকে হারিয়ে দেশের সংগীতাঙ্গনে বিশাল শূন্যতা তৈরি হলো। সঙ্গীতাঙ্গনের সকলে তাঁর আত্মার শান্তি কামনা করছেন। ফেইসবুকে অনেকে পোষ্ট দিয়েছেন।
মো. শাহনেওয়াজ বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত নানা অসুখে ভুগছিলেন।

মো. শাহনেওয়াজ সত্তর দশকের শুরুতে বিটিভিতে স্টাফ আর্টিস্ট হিসেবে যোগ দেন। ১৯৭৭ সাল থেকে তিনি বাংলাদেশ টেলিভিশনে সংগীত পরিচালক হিসেবে কাজ শুরু করেন। বিভিন্ন মাধ্যমে তাঁর সুরারোপিত গানের সংখ্যা প্রায় দুই হাজার ছুঁয়ে গেছে। তাঁরই সুর করা ‘দুই ভুবনের দুই বাসিন্দা বন্ধু চিরকাল, রেল লাইন বহে সমান্তাল’, ‘জীবনানন্দ হয়ে সংসারে আজও আমি সব কিছু ভুলে যেন করি লেনদেন’ গান দু’টি তাকে সবশ্রেণীর শ্রোতার কাছে অমর করে তোলে। সুরকার হিসেবে বিশাল পরিচিতি এনে দেয় সঙ্গীতাঙ্গনে।

এছাড়াও তিনি ১৯৮৮ সালে নাট্যসভা পুরস্কার, ২০০৯ সালে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত পুরস্কার, ২০১৩ সালে শহীদ আলতাফ মাহমুদ স্মৃতিপদকসহ আরও অনেক পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন।
তাঁর সুরারোপিত গান নিয়ে এইচএমভি থেকে ১৯টি ডিস্ক ও বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ২৫০টিরও অধিক ক্যাসেট ও সিডি বের হয়েছে। তিনি ১৫টি চলচ্চিত্রেও সংগীত পরিচালনা করেছেন।