বিএনপির কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে আপিল বিভাগে নাহিদ


বাংলার মুখ প্রতিবেদক প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৭, ২০২৬, ৭:৪১ অপরাহ্ন

ঢাকা—দ্বৈত নাগরিকত্ব ও তথ্য গোপনের অভিযোগে ঢাকা–১১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ড. এম এ কাইয়ুমের প্রার্থিতা বাতিলের দাবিতে এবার আপিল বিভাগের শরণাপন্ন হয়েছেন ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

শনিবার নাহিদ ইসলামের আইনজীবী অ্যাডভোকেট জহিরুল ইসলাম মূসা জানান, হাইকোর্টের রিট খারিজের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগের চেম্বার বিচারপতির আদালতে আবেদন করা হয়েছে। রোববার এ বিষয়ে শুনানি হতে পারে।

এর আগে, গত ৩ ফেব্রুয়ারি দ্বৈত নাগরিকত্ব ও তথ্য গোপনের অভিযোগ তুলে করা নাহিদ ইসলামের রিট সরাসরি খারিজ করেন হাইকোর্ট। বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের বেঞ্চ এ আদেশ দেন।

গত ২ ফেব্রুয়ারি দায়ের করা রিটে ড. এম এ কাইয়ুমের প্রার্থিতা স্থগিতের আবেদন জানানো হয় এবং প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়। তবে নির্বাচন কমিশন এর আগে নাহিদ ইসলাম ও ড. এম এ কাইয়ুম—উভয়ের মনোনয়নপত্রই বৈধ ঘোষণা করেছিল।

এই আপিলের মাধ্যমে বিষয়টি এখন দেশের সর্বোচ্চ আদালতের বিবেচনায় গেল, যা ঢাকা–১১ আসনের নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা যোগ করতে পারে।